
শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে যত দ্রুতই পারা যায় বিএনপি কাউন্সিলের দিকে যাবে।’
শনিবার (৪ এপ্রিল) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
কোরবানির ঈদের আগে কাউন্সিল হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।’
এর আগে, আজ দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমরা এ দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গিয়ে নিতে চাই। কোনো দুর্ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবে, তাদের দলে রাখা হবে না। কারণ, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।’
তিনি আরও বলেন, ‘কিছু দল দেশের মানুষকে বিভ্রান্ত করছে এই বলে, বিএনপি জুলাই সংস্কার মানে না। অথচ ১৯৭৫ সালে পর বিএনপিই এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে মুক্তি এনে দেয়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রব্যবস্থা চালু করেন। এ দেশের মানুষের কথা বলার স্বাধীনতা ও সাংবাদিকের স্বাধীনতা জিয়াউর রহমান করে দেন।’









































