
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দলের সংরক্ষিত নারী সংসদ সদস্য কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সর্বশেষ নির্বাচনের আগে ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এরপর আগামীকাল শনিবার রাত সাড়ে ৮টায় বৈঠক ডাকা হয়েছে।
মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
রাজশাহীর অসহায় টুলি বেগমের কাছে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সরকারের ব্যস্ততা ছিল, তাই অনেক দিন স্থায়ী কমিটির মিটিং ডাকা হয়নি। কাল মিটিং ডাকা হয়েছে, আমি উপস্থিত থাকব।
তবে বৈঠকের এজেন্ডার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিটিংয়ের বিষয়বস্তু সম্পর্কে আমি জানি না।
স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, দীর্ঘদিন পর স্থায়ী কমিটির মিটিং আহ্বান করা হয়েছে। স্বাভাবিকভাবেই দল, সরকার ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের পুনর্গঠন কার্যক্রমের বিষয়টি আসার সম্ভাবনা রয়েছে।
সূত্রটি আরও জানায়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় সংসদ সদস্য নির্বাচন। কয়েক শ নারী নেত্রী সংরক্ষিত সংসদ সদস্য পদের জন্য তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। কোন যোগ্যতার ভিত্তিতে তাদের নির্বাচন করা হবে, সেটি নিয়ে আলোচনা হবে। তাছাড়া যেসব নেতা দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের পরিবার থেকে এখন সংরক্ষিত কোটায় নারী সংসদ সদস্য করা হবে কি না, সে বিষয়েও কালকের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে।







































