
দেশে হাম নিয়ে বর্তমানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। তবে আতঙ্ক কোনো অবস্থাতেই সমস্যার সমাধান আনে না; বরং সঠিক তথ্য জানা ও সচেতন থাকা সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
হাম কি?
হাম হলো একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়ানো ড্রপলেটের মাধ্যমে দ্রুত অন্যদের সংক্রমিত করতে পারে। ভাইরাসটি বাতাস বা কোনো বস্তুর ওপর প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। সাধারণত শরীরে ভাইরাস প্রবেশের ১০–১৪ দিন পর লক্ষণ প্রকাশ পায়।
লক্ষণ ও ঝুঁকি
হামের প্রাথমিক লক্ষণকে ৩C দিয়ে মনে রাখা যায়—
Cough (কফ/কাশি)
Cold (কোরাইজা/সর্দি)
Conjunctivitis (চোখ লাল হওয়া)
এছাড়াও তীব্র জ্বর, মুখের ভিতরে কপ্লিক স্পট এবং কয়েকদিনের মধ্যে মুখ থেকে ধীরে ধীরে সারা শরীরে ছড়ানো র্যাশ দেখা দিতে পারে।
ঝুঁকিতে থাকা ব্যক্তি:
৫ বছরের কম বয়সি শিশু
অন্তঃসত্ত্বা নারী
অপুষ্ট শিশু (যাদের ক্ষেত্রে রোগ মারাত্মক হতে পারে)
হামের জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া, কানে সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে।
কারা পাবে হামের টিকা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটি ন্যাশনাল ইমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করা হচ্ছে।
আগে ৯–১৫ মাস বয়সি শিশুদেরই হামের টিকা দেওয়া হতো। আপদকালীন পরিস্থিতিতে এবার ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে। সংক্রমণ বেশি যেখানে সেখানে টিকাদান আগে শুরু হবে।
প্রতিরোধ ও যত্ন
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ।
এমআর (মিসেলস-রুবেলা) বা এমএমআর (মিসেলস-মাম্পস-রুবেলা) টিকা নিরাপদ এবং কার্যকর।
সাধারণত ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ দেওয়া হয়, যা শিশুকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়।
আক্রান্ত শিশুর ক্ষেত্রে:
পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার দেওয়া
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
অন্যদের থেকে আলাদা রাখা
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া
শ্বাসকষ্ট, খিঁচুনি বা অতিরিক্ত দুর্বলতা দেখা দিলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে।
সামাজিক সচেতনতা
হাম প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি। একটি সমাজে প্রায় ৯৫% মানুষ যদি টিকা নেয়, রোগটির বিস্তার বন্ধ করা সম্ভব। তাই নিজের শিশুর পাশাপাশি আশপাশের সব শিশুরও টিকাদান নিশ্চিত করতে হবে।








































