
ভারতের হায়দরাবাদে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত ও কালোবাজারির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি কবরস্থান থেকে ৪১৪টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
জুবিলি হিলস জোন টাস্কফোর্স ও বানজারা হিলস থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার এই চক্রের কার্যক্রম উন্মোচিত হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রি করছিল।
একটি বাণিজ্যিক সিলিন্ডারের সরকারি মূল্য যেখানে প্রায় ২ হাজার রুপি, সেখানে চক্রটি প্রতিটি সিলিন্ডার প্রায় ৬ হাজার রুপিতে বিক্রি করছিল।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মোহাম্মদ আমির (৪২) শামশাবাদের মামিদিপল্লিতে একটি এইচপি গ্যাস এজেন্সি পরিচালনা করেন। তার নেতৃত্বে কয়েকজন সহযোগী মিলে কবরস্থানে সিলিন্ডার মজুত করে এই অবৈধ ব্যবসা চালাতেন।
বানজারা হিলসের নাগার্জুনা এক্স রোড এলাকার একটি কবরস্থানে অভিযান চালিয়ে পুলিশ ৪১৪টি সিলিন্ডার জব্দ করে। এর মধ্যে বিভিন্ন ওজনের পূর্ণ ও খালি সিলিন্ডার রয়েছে, যার মোট মূল্য প্রায় ২১ লাখ ৮৮ হাজার রুপি।
এছাড়া সিলিন্ডার পরিবহনে ব্যবহৃত ১১টি যানবাহনও জব্দ করা হয়েছে।
টাস্কফোর্সের ডেপুটি কমিশনার বৈভব রঘুনাথ গাইকোয়াড জানিয়েছেন, অভিযুক্তরা নিরাপত্তা বিধি লঙ্ঘন করে কবরস্থানে সিলিন্ডার মজুত করে উচ্চমূল্যে বিক্রি করছিল। তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করে সিভিল সাপ্লাইস বিভাগে প্রতিবেদন পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি সংকট নিয়ে গুজব ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।










































