
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে বাণিজ্যিক চুক্তির আওতায় প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সরবরাহ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশকে ২০০৭ সাল থেকেই জ্বালানি সরবরাহ করছে ভারত। এ বিষয়ে দুই দেশের বাণিজ্যিক বোঝাপড়া রয়েছে। এই সহযোগিতা আজও অব্যাহত।’
ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের আসন্ন ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। এই সফর ঘিরে ভারতের প্রত্যাশার কথা জানতে তিনি বলেন, ‘সফর চূড়ান্ত হলে, ঠিক সময়ে সব জানানো হবে।’
তিনি বলেন, ‘সম্প্রতি শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোপণ্য দেওয়া হয়েছে। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের জ্বালানি সহযোগিতাও অব্যাহত রয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সম্প্রতি মালদ্বীপ সরকারও কাছ থেকেও একটি অনুরোধ এসেছে। সে দেশের সরকার ভারত থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে পেট্রোপণ্য পেতে আগ্রহ দেখিয়েছে। নিজেদের প্রয়োজন ও মজুতের কথা মাথায় রেখে মালদ্বীপের অনুরোধ বিবেচনা করে দেখা হচ্ছে।’










































