
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পরই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিয়ে নয় ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন করেছেন তিনি।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে লুবাবা লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে।’
তিনি আরও লিখেন, ‘বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে আমাদের বিবাহ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।’
জানা গেছে, মাহমুদ বিন মুনির নামে এক প্রবাসী আলেমের সঙ্গে সিমরিন লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে। বাবার ব্যবসার সুবাদে এখন কুয়েতে থাকেন মাহমুদ বিন মুনির। আগে অনিয়মিত হলেও ২০২১ থেকে নিয়মিত সেখানেই বসবাস করছেন তিনি। কুয়েত ও সৌদি আরবে সুগন্ধির ব্যবসা রয়েছে তাদের।
উল্লেখ্য, সিমরিন লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে খুব অল্প বয়সেই অভিনয়ে আসেন। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ বিনোদনজগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি। পরে জানান, তিনি আর প্রকাশ্যে আসবেন না। তার মা তখন বলেছিলেন, ধর্মীয় অনুশীলনের দিকেই ঝুঁকেছেন লুবাবা এবং জীবনধারায় পরিবর্তন আনতে চান তার মেয়ে।










































