প্রচ্ছদ হেড লাইন রুমিন ফারহানা যাননি বিএনপির সাথে

রুমিন ফারহানা যাননি বিএনপির সাথে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটে থাকছেন না।

 

সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথক জোটগত নির্বাচন করবে। জামায়াতের সঙ্গে থাকবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। বিএনপির সঙ্গে থাকবে দলটির মিত্ররা।

 

বুধবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, এনসিপি আর জামায়াত জোট করছে। বিএনপির সঙ্গে আছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যও বিএনপির সঙ্গে আছেন।

 

আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ৬ এপ্রিল কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট নিয়ে সিদ্ধান্ত আসবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকছেন না।

 

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা। তবে বিভিন্ন শর্তের কারণে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।