প্রচ্ছদ অপরাধ ও বিচার স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন স্বামী!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করার ঘটনায় স্বামী ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে পুলিশ নিহতের স্বামীর মুঠোফোন থেকে ভিডিওটি উদ্ধার করে। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে জিন্নাত আরার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে মো. ওমর ফারুকের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সংসারে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযুক্ত স্বামীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন যে, স্ত্রী ঘরের ভেতর আত্মহত্যার চেষ্টা করলে তিনি তা নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং দরজা খোলার জন্য চিৎকার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরেছিলেন জিন্নাত আরা। এরপর স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও তর্কাতর্কি হয়। রবিবার স্বামী বাইরে গেলে জিন্নাত ভেতর থেকে দরজা আটকে দেন। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করলে স্বামী জানালা দিয়ে তা ভিডিও করতে শুরু করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বামী ওমর ফারুককে আটক করে। এ সময় তার মোবাইল ফোন জব্দ করলে তাতে ভিডিওচিত্রটি পাওয়া যায়।

ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার দায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।