প্রচ্ছদ অপরাধ ও বিচার সংসদে স্বামীর সন্ধান চেয়ে যা বললেন সেই ইলিয়াস আলীর স্ত্রী

সংসদে স্বামীর সন্ধান চেয়ে যা বললেন সেই ইলিয়াস আলীর স্ত্রী

গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একইসঙ্গে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘ইলিয়াস আলী ও সুমন পারভেজসহ আরও যারা গুম হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়? আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, প্রায় দেড় বছরের কাছাকাছি সময় হয়ে গেল। কিন্তু আমরা এখনো জানি না, আমাদের স্বজনরা কোথায়?’

স্বজনদের অবস্থান ও পরিণতি জানতে চেয়ে তিনি বলেন, ‘আমরা বিভিন্নভাবে তাদের নিয়ে কথা বলেছি। কিন্তু আমরা এখনো জানি না যে, তাদের অবস্থান কী? তাদের পরিণতি কী? আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, তাদের অবস্থান ও পরিণতি কী, তা জানতে চাই।’

এসময় তিনি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, গুমের শিকার হওয়া পরিবারগুলোর সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং তাদের পুনর্বাসনের জোর দাবি জানান।

বিগত ১৭ বছরে যারা গুম ও খুনের শিকার হয়েছেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান এই সংসদ সদস্য।

রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে লুনা বলেন, ‘স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। এই অর্থে যে, উনি বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের ভূমিকা এবং এই গুম-খুন নিয়ে সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের জন্যে উনি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবার প্রচেষ্টায় ইনশাআল্লাহ এ দেশ থেকে গুম-খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠিত হবে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার আর কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে পরিকল্পিতভাবে গুম করে ফেলা হয়েছে।