
দেশজুড়ে নতুন করে হাম (মিজেলস) রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পেছনে রোহিঙ্গা ক্যাম্পকে অন্যতম উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সোমবার (৩০ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৪ জানুয়ারি প্রথমবারের মতো রোহিঙ্গা ক্যাম্পে হাম শনাক্ত হয়। এরপর থেকেই ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটে। দীর্ঘদিন এই রোগ নিয়ন্ত্রণে থাকায় আমরা প্রায় একে নির্মূল (ইরাডিকেটেড) বলেই মনে করতাম। কিন্তু সাম্প্রতিক প্রাদুর্ভাব পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে হাম প্রতিরোধী ভ্যাকসিন ক্রয়ে জটিলতা তৈরি হওয়ায় টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটে, যা বর্তমান প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে। পাশাপাশি টিকা সরবরাহ সংকট, বাস্তবায়ন সমস্যাসহ জনসচেতনতার ঘাটতিও পরিস্থিতিকে জটিল করেছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, বর্তমানে রাজশাহীসহ দেশের অন্তত ৭টি অঞ্চলে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ উল্লেখ করে তিনি বলেন, একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন সবচেয়ে জরুরি।
বিএনপির এ নেতা বলেন, দেশে জাতীয় টিকাদান কর্মসূচি অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে এমআর (মিসলেস-রুবেলা) টিকা দেওয়া হলেও বর্তমানে ৬ মাসের নিচের শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে দ্রুত গবেষণা প্রয়োজন বলে তিনি মত দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলাম, শিশু বিভাগের প্রধান ডা. শাহিদা ইয়াসমিনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।











































