প্রচ্ছদ জাতীয় আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ...

আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা

ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকউজ্জামান মিয়া দলীয় পদ ছাড়লেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচণা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

জানা যায়, বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুকউজ্জামান মিয়া।

সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবো না জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এখন থেকে নিজ এলাকার জনগণ সঙ্গে নিয়ে কাজ করবো এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ কররো।

এসময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতারা।

সূত্র : ইত্তেফাক