
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল আজিজ নামে এক বিএনপি নেতা নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, বড়াইগ্রামের উপলশহর থেকে মোটরসাইকেল আরোহী দুজন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বনপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। রওনা পেট্রোল পাম্প এলাকায় গিয়ে বাসটি থামলে মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সকালে নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাগর হোসেন নামে এক প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।







































