প্রচ্ছদ জাতীয় স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, নেয়া হয়েছে ভেন্টিলেশনে

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, নেয়া হয়েছে ভেন্টিলেশনে

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের (বীর বিক্রম) স্ত্রী মিসেস দিলারা হাফিজ। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশনে আছেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানানো হবে।

বিএনপির মিডিয়া সেলের এই সদস্য জানান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শে আগামী কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, দীর্ঘদিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন মিসেস দিলারা হাফিজ। তবে শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় পবিত্র ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়।