
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি জারি করা চূড়ান্ত সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে এমন দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের এই সিদ্ধান্প্রতের কথা জানান তিনি।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান সরকারের অনুরোধে জ্বালানি স্থাপনা ধ্বংসের সময়সীমা ১০ দিনের জন্য স্থগিত করছি। নতুন সময়সীমা সোমবার, ৬ এপ্রিল ২০২৬, রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত বহাল থাকবে। এরমধ্যেই ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। তার দাবি, ফেক নিউজ-এর প্রচারণা সত্ত্বেও আলোচনায় অগ্রগতি হচ্ছে।
এদিকে ফক্স নিউজকে ট্রাম্প জানান, ইরান ৭ দিনের সময় চাইলে তিনি ১০ দিন দিয়েছেন। পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, এক অর্থে আমরা ইতিমধ্যে জিতে গেছি।
প্রসঙ্গত, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের ত্রিমুখী উত্তেজনা এখন চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে সারা বিশ্বে উদ্বেগ বাড়ছে।













































