প্রচ্ছদ জাতীয় ডুবে যাওয়া বাসটি চলে গেল পানির আরও গভীরে

ডুবে যাওয়া বাসটি চলে গেল পানির আরও গভীরে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পদ্মার আরও গভীরে তলিয়ে গেছে। শুরুতে বাসটি পানির ৩০ ফুট নিচে শনাক্ত করা গেলেও স্রোত ও মাটির টানে তা এখন প্রায় ৮০ ফুট গভীরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে উদ্ধারকারী দল এই উদ্বেগের কথা জানায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি থেকে ইতোমধ্যে দুই নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে বাসের ভেতরে ঠিক কতজন যাত্রী আটকা পড়ে আছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটির মাত্র ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি প্রায় ৪৫ জন যাত্রী এখনও নিখোঁজ।

বর্তমানে গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশনের দুটি ডুবুরি ইউনিট কাজ করছে। পরিস্থিতি জটিল হওয়ায় ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি বিশেষজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওয়ানা হয়েছে। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাসযাত্রী আব্দুল আজিজুল জানান, তিনি সাঁতরে বাঁচতে পারলেও তাঁর স্ত্রী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দুর্ঘটনার অন্তত এক ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোয় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা বেড়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, পানির গভীরতা ৩০ ফুট থেকে ৮০ ফুটে চলে যাওয়ায় উদ্ধারকাজ অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়েছে। আমাদের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।