
নিম্নআয় ও দরিদ্রদের জন্য বরাদ্দের চাল বিতরণ না করে নিজের ইটভাটায় মজুতের অভিযোগ উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতা কুতুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। চাল মজুতের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই বিএনপি নেতার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা বিএনপি।
জানা গেছে, সম্প্রতি কুতুবা ইউনিয়ন পরিষদের দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে পরিষদের সাবেক চেয়ারম্যান নিজের ইটভাটায় মজুত করেছেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের চাল নিয়ে কুতুবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ জাহান চৌধুরী ইটভাটায় মজুত করে রেখেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় জনগণ গত ২০ মার্চ বরাদ্দের চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে খবর দেন।
এ বিষয়ে অভিযুক্ত মোর্শেদ জাহান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কুতুবা ইউনিয়ন পরিষদের জায়গা সংকীর্ণের কারণে পাশের একটি ইটভাটায় চাল সরিয়ে রাখি। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
এদিকে চাল মজুতের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনিয়ম ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোর্শেদ জাহান চৌধুরীর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করেছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে তিনদিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা এবং সদস্য সচিব অ্যাডভোকেট কাজী জহির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে উপজেলা বিএনপির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তার দলীয় পদসহ সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।











































