
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি নেতাকে মারধর করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন বিএনপি নেতার স্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টায় দৌলতদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা শাজাহান সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। অভিযুক্তরা হলেন, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শেখ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. বাকেন। সহযোগী জীবন প্রামানিক, নাসির, সিনবাদ, রানা প্রামানিক ও রুবেল প্রামানিক।
বিএনপি নেতা শাজাহান সরদার বলেন, নেশা করার জন্য ইয়াছিন শেখ আমার কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জীবন প্রামাণিক আমাকে এরশাদের দোকানের সামনে ডেকে নিয়ে যায়। এরপর ইয়াছিনসহ কয়েকজন আমাকে মারতে থাকে। আমার সাথে আমার নাতী ছোট বাচ্চার চিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসে।
তিনি আরও বলেন, অচেতন অবস্থায় আমাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমান চিকিৎসাধীন আছি। বিএনপি করার কারণে আগে নির্যাতিত হয়েছি, এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে মার খাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইয়াছিন শেখের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয় নি। গোয়ালন্দ ঘাট থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি মামলা হয়েছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।











































