
রংপুরে আয়োজিত এক উন্নয়ন সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ্য করে জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসানের ঘনঘন ‘স্যার’ সম্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এই ঘটনা ঘটে। মাত্র দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে ডিসি মন্ত্রীকে ৫০ বারেরও বেশি ‘স্যার’ বলে সম্বোধন করেছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক এনামুল আহসান মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাবনা তুলে ধরছেন। তবে কথা বলার সময় প্রায় প্রতিটি বাক্যে একাধিকবার ‘স্যার’ শব্দটি ব্যবহার করেন তিনি।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এত অল্প সময়ের মধ্যে বারবার একই সম্বোধনে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে এটি নিয়ে হাস্যরস ও নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যবৃন্দ, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উন্নয়ন প্রস্তাবনার চেয়ে জেলা প্রশাসকের অতি-ভক্তি বা সম্বোধন রীতিই এখন মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তার এমন আচরণ পেশাদারিত্বের পরিপন্থী কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।











































