
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে নতুন মোড় নিয়েছে স্বর্ণের দাম। এতে তেলের দাম কমে গেলেও, চার মাসের সর্বনিম্ন অবস্থান থেকে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ। বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার (২৩ মার্চ) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭০ দশমিক ৩৬ ডলারে দাঁড়ায়। তবে দিনের শুরুতে তা ৮ শতাংশের বেশি কমে ৪,০৯৭.৯৯ ডলারে নেমে যায়, যা সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন। এর আগে গত সপ্তাহে স্বর্ণ দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ সাপ্তাহিক পারফরম্যান্স দেখেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ২ দশমিক ২ শতাংশ কমে চার হাজার ৪৭১.৬০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের হারের আশঙ্কা এবং তারল্য সংকটের প্রভাবেই এই বড় দরপতন দেখা গেছে।
তবে ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টের পর পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন আসে। এতে ধাতু, জ্বালানি ও শেয়ারবাজার-সবখানেই প্রভাব পড়ে। তার ঘোষণার পর তেলের দাম কমে এবং ডলারের দর কিছুটা দুর্বল হয়, যা স্বর্ণের দামে আংশিক সহায়তা দেয়।
যদিও ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে গঠনমূলক আলোচনা চলছে, তবে ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে-এমন কোনো আলোচনা হয়নি। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, সুদের হার এবং ডলারের ওঠানামার কারণে স্বর্ণবাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।









































