
ইরান ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের প্রভাষক মুহানাদ সেলুম এ কথা বলেছেন।
আল-জাজিরাকে তিনি বলেন, ডিয়েগো গার্সিয়ায় এ ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো- ইরানের কাছে ৪,০০০ কিলোমিটারেরও বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আগে কখনও প্রকাশ করা হয়নি।
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২,০০০ কিলোমিটার এবং এর চেয়ে বেশি নয়।
মুহানাদ সেলুম বলেন, এ ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ উল্টে দিলে সেগুলো লন্ডনে পৌঁছাতে পারে। সুতরাং, এটি শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধের যৌক্তিকতার জন্যই হিসাব-নিকাশ পাল্টে দেয় না, বরং যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্যও পরিস্থিতি বদলে দিচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) থাকতে পারে, যা এমনকি যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে।
সূত্র: আল-জাজিরা












































