প্রচ্ছদ জাতীয় ঈদের নামাজ শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ২

ঈদের নামাজ শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ২

পূর্ববিরোধের জেরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঈদের নামাজ শেষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন নারীসহ আরও অন্তত পাঁচজন।

শনিবার দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত ইংরেজ কাজির ছেলে নাজিম উদ্দীন কাজি (৭৫) এবং নাবু কাজির ছেলে শিমুল কাজি (১৮)।

আহতদের মধ্যে গুরুতর আছিয়া বেগম ও শরিফুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববিরোধকে কেন্দ্র করে ঈদের নামাজের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে শিমুল কাজির আহত হওয়ার খবর পেয়ে তার দাদা নাজিম উদ্দীন কাজি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগে তিনি মারা যান।

তবে এলাকাবাসীর দাবি, নাতিকে রক্ষা করতে গিয়ে ধাক্কা খেয়ে নাজিম হৃদরোগে আক্রান্ত হন। এ ছাড়া গুরুতর আহত শিমুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি লাল খাঁ ও উপজেলা যুবদল সদস্য জাহাঙ্গীরের নেতৃত্বে ‘জাহাঙ্গীর গ্রুপ’ প্রতিপক্ষ ‘কুবির কাজি গ্রুপ’-এর ওপর হামলা চালায়। এতে কুবির কাজিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা প্রশান্ত কুমার ধর বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আছিয়া ও শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়।

ওসি বনি ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।