
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের বিদায় বেলায় তাঁকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।
আজ শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অকপটে স্বীকার করেছেন যে, গত ১৮ মাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্যকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেই পোস্টে আম্মার লেখেন, ‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে’।
পোস্টে সালাউদ্দিন আম্মার বলেন, ‘উপাচার্য বাসভবন ছাড়লেন রাকসুর সদ্য বিদায়ী সভাপতি। ভিসির গেইটে যে পরিমাণ লাত্থি মারা হইছে, যতো বিপদে ফেলছি এই মানুষটারে আমি! তার জীবনের হয়তো ছাত্র নামের একটা আপদ হিসেবেই আছি আমি। আমি এই ১৮মাসের পুরো সময়টা সিস্টেম ব্রেকের কাজ করতে চেয়েছি। অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করেছি। প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে।’
তিনি আরও লেখেন, ‘আমি হয়তো ক্যাম্পাস ছেড়ে চলে যাবো , অনেকে হাফ ছেড়ে বাচবে কিন্তু জনাব সালেহ হাসান নকীব স্যার মনে রাখবেন এই ছেলেটার বিন্দুপরিমান অসৎ উদ্যেশ্য ছিলো না এটা আমার আল্লাহ সাক্ষী।’
রাকসু জিএস বলেন, ‘দোয়া করবেন সালেহ হাসান নকীব স্যার। ৪ দেয়ালের কাঠের চেয়ার-টেবিলের গবেষণার ভাগাড়ে আপনার জন্য শুভকামনা। শেষ রমজানে আপনার জন্য অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন স্যার।’











































