
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য দুজনই নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছেন।
জয়শঙ্কর তার পোস্টে বলেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে, রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফল অর্জনের লক্ষ্যে ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত—এ কথাও তিনি বৈঠকে তুলে ধরেছেন।
দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে রিয়াজ হামিদুল্লাহর আরেকটি সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাৎ করলেন। এর আগে, গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল।
এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।












































