
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে দুপুরের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আটটি বিভাগেরই অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও সতর্ক করেছে, ঝড়ের সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃষ্টির কারণে সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২১ মার্চ) থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে শুরু করবে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে ২২ ও ২৩ মার্চ থেকে আকাশ মেঘলা থাকলেও দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে আসবে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে।












































