প্রচ্ছদ জাতীয় সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি!

সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি!

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের মাঝেই সারা দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার বুলেটিনে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার মধ্যে প্রথম তিন দিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে শুক্রবার ও ঈদের দিন শনিবার সারা দেশের অধিকাংশ বিভাগেই শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শনিবার ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দিলেও ঈদ জামাত ও ঘোরাঘুরিতে বিঘ্ন ঘটাতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আরিচায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আরিচায় সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী রবিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে এবং সোমবার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে।