প্রচ্ছদ জাতীয় রণক্ষেত্র নেত্রকোনা

রণক্ষেত্র নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যৌথভাবে গরু জবাই করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে ঘটা এই সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন-পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) ও জানে আলম (৩০)। বাকিদের স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাসিন্দারা মিলে গরু কিনে মাংস ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই প্রক্রিয়া চলাকালীন গ্রামের বজলু মিয়ার (৬০) সমর্থকদের সঙ্গে মাজু মিয়ার (৪০) অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।