
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অক্সিজেন সাপোর্ট সিস্টেম। মৃত্যুর গুজবের মধ্যেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আজ চোখ মেলে তাকিয়েছেন।
বুধবার মির্জা আব্বাসের পারিবারের একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।
পারিবারের একজন সদস্য জানান, মির্জা আব্বাসের অক্সিজেন সাপোর্ট মঙ্গলবার খুলে নেয়া হয়েছে। এরপর থেকে স্বাভাবিকভাবেই শ্বাস নিচ্ছেন তিনি।
গত ১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাকে ভর্তি করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে দুটি অস্ত্রোপচারের পর ১৫ মার্চ সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে।
এর মধ্যে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে ঢাকা-৮ আসনের এই এমপির মৃত্যুর গুজব। বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ভুয়া ফোটোকার্ড বানিয়ে ছড়ানো হয়েছে এই তথ্য।
ব্যক্তিগত সচিব (পিএস) মিজানুর রহমান সোহেল এসব ফোটোকার্ডকে ভুয়া বলে একদিন আগেই জানিয়েছিলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সূত্র : ঢাকা টাইমস













































