
রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুইপক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনা-বেচাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে জড়িতদের মধ্যে প্রথম পক্ষের আলহাজ্ব মমিনুল ইসলাম মোনা এবং দ্বিতীয় পক্ষের রাশেদুল হাসান পারভেজ (সাধারণ সম্পাদক, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী, দরগাপাড়া) রয়েছেন বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেয়া হবে এমন কথাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয়পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যান। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনা-বেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র : কালের কণ্ঠ













































