প্রচ্ছদ আর্ন্তজাতিক ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরের প্রথম দিন হবে শুক্রবার (২০ মার্চ)। বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

দেশটির চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠকে বসে চাঁদ দেখার বিষয়টি যাচাই করে এবং নিশ্চিত করে যে আজ চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ ৩০ দিন রোজা সম্পন্ন করে রমজান মাস শেষ হবে এবং তার পরদিন উদযাপিত হবে ঈদুল ফিতর। ইসলামী শরিয়াহ অনুযায়ী নতুন মাস শুরুর জন্য চাঁদ দেখা অপরিহার্য-এই ঐতিহ্যের সঙ্গেই সিদ্ধান্তটি সামঞ্জস্যপূর্ণ।

এর আগে চলতি মাসের শুরুতেই সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানায়, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে এবং তা চার দিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগাম এই ঘোষণা দেয়ার উদ্দেশ্য ছিল কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে ছুটির সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া, যাতে জরুরি সেবা খাত সচল রেখে অন্যান্য ক্ষেত্রে কর্মীদের ঈদের ছুটি নিশ্চিত করা যায়।