
নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির অভিযোগ বিএনপি নেতা মো.রফিকুল বিশ্বাস (৩৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করেন পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪মার্চ) আনুমানিক রাত ১১ টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপুটি গ্রামের গোপাল নামের একজনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে এসময় গোপালের বাড়ির চিৎকারের শব্দ শুনে গ্রামের একজন মসজিদের মাইকে ঘোষনা দেয়। এরপর গ্রামবাসী ছুটে এসে চোরচক্রকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় গ্রামবাসী একটি গরু উদ্ধার করে। আরো জানা যায়, গোয়াল ঘরে চুরির সময়ের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয় ঐ ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালাচ্ছে ঐ মুহুর্তে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে তাদেরকে গুলি করে দেবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে চোরচক্রের কয়েকজন সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি:) মো. তারেক রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে আটক করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রফিকুল ইসলামে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি চুরির মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।












































