
৮ বছরের ছেলে ও ১২ বছরের মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে চুরির শিকার হয়েছেন এক অসহায় নারী। মুহূর্তের মধ্যে কষ্টে জমানো ৫ হাজার টাকা হারিয়ে সন্তানদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে জামালপুর শহরের তমালতল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ছানোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ গো, আমার টাকা নিয়ে গেল গো।
বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে আইছিলাম। ছেলের লাইগা একটা শার্ট কিনছিলাম শুধু। আমার কাছে পাঁচ হাজার টাকা ছিল। আমার টাকা কে নিয়ে গেল।
অনেক কষ্টের জমানো টাকা ছিল।
ছানোয়ারা বেগমের বাড়ি শহরের বেলটিয়া এলাকায়। তিনি ছেলে ও মেয়েকে নিয়ে ঈদের জন্য পোশাক কিনতে শহরের মার্কেট এলাকায় এসেছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা ও পথচারীরা জানান, কেনাকাটার সময় কৌশলে পকেটমার চক্র ওই নারীর টাকার ব্যাগ হাতিয়ে নেয়।
কিছুক্ষণ পর ব্যাগ না পেয়ে তিনি বুঝতে পারেন টাকা চুরি হয়েছে। এ সময় তিনি ও তার সঙ্গে থাকা দুই সন্তান কান্নায় ভেঙে পড়েন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ প্রশাসন থেকে মার্কেট এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যে এলাকায় চুরি হয়েছে ওই জায়গায় পুলিশের টিম রয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













































