
দশমিনা উপজেলায় একটি কর্মিসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু বলেছেন, যারা মিটিংয়ে আসেনি, তাদের ছবি তুলে রাখুন। যারা বিএনপিকে মানে না, তারা ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড পাবে না। গত ১১ মার্চ বুধবার চরবোরহান ইউনিয়নে বিএনপির একটি কর্মিসভায় এমন মন্তব্য করেন তিনি। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড সরকারি বা জনকল্যাণমূলক সুবিধার আওতায় পড়ে। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে দেওয়া বা না দেওয়ার কথা বলা অনাকাঙ্ক্ষিত। এদিকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপির কিছু নেতাকর্মী দাবি করছেন, বক্তব্যটি হয়তো আবেগের বশে বলা হয়েছে বা ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তবে বিরোধী মতের মানুষজন বলছেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা বা স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতার প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জানতে দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন বলেন, ফ্যামিলি কার্ড কোনো দলীয় সম্পত্তি নয়। এটা দেশের সব জনগণের অধিকার। দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানুকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।









































