
ময়মনসিংহ শহরে ছাদ থেকে পড়ে গিয়ে উম্মে হাবিবা রিজু নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে নিজের বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত উম্মে হাবিবা রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিজুর স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তার একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
সূত্র : চ্যানেল২৪













































