প্রচ্ছদ জাতীয় শুটার ফয়সালসহ গ্রেফতারদের দেশে আনা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

শুটার ফয়সালসহ গ্রেফতারদের দেশে আনা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

কলকাতায় গ্রেফতার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কনস্যুলার অ্যাক্সেস এখনো প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার প্রধান দুই সন্দেহভাজনের সঙ্গে সাক্ষাতের জন্য বাংলাদেশ সরকার কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে। পাশাপাশি মামলার আসামিদের সীমান্ত পার করতে সহযোগিতার অভিযোগে গ্রেফতার ফিলিপ সাংমা–এর ক্ষেত্রেও একই আবেদন করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এখনো ভারত সরকার থেকে কনস্যুলার অ্যাক্সেস পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এ নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, “গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।”

এ সময় মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করার দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এ বিষয়ে পাঠানো প্রতিবেদনটি এখনো পুরোপুরি দেখার সুযোগ হয়নি। তবে অতীতে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক রাখবে ‘বাংলাদেশ প্রথম নীতি’র ভিত্তিতে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং যারা দেশে ফিরতে চান তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থাও করা হচ্ছে।