
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সোমবার (১৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই অনড় অবস্থানের কথা জানান।
সালাউদ্দিন আম্মার তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল সময়ে যারা বিভিন্ন ক্যাম্পাসের হাল ধরেছিলেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন। বিশেষ করে রাকসু সভাপতি ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, উপাচার্য নির্বাচন আয়োজন এবং ফান্ডের স্বচ্ছ হিসাব বুঝিয়ে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সামনে দুটি বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাকসু জিএস। তিনি স্পষ্ট করে বলেন, আগামী বছর যথাসময়ে নির্বাচন আয়োজন করতে হবে এবং কোনোভাবেই ‘পোষ্য কোটা’ পুনরায় চালু করা যাবে না। এই দুটি বিষয়ের কোনোটিতেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন।
প্রশাসনের উদ্দেশ্যে কিছুটা ইঙ্গিতপূর্ণ সতর্কবার্তা দিয়ে আম্মার লিখেন, ভিসি মহোদয়গণ যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তবে অচিরেই হয়তো তাদের গায়ে ‘জামায়াতী ভিসি’ তকমা সেঁটে দেওয়ার চেষ্টা হতে পারে। এমন পরিস্থিতির জন্য তিনি আগেভাগেই তাদের অভিনন্দন জানিয়ে রাখেন।
নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাকসু জিএস বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনকে তিনি ন্যূনতম ছাড় দেননি এবং বর্তমান প্রশাসনের ক্ষেত্রেও তার এই নীতি অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি নিজের ওয়াদা রক্ষায় বদ্ধপরিকর বলে জানান। স্ট্যাটাসের শেষে তিনি শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে নিজের দৃঢ় অবস্থানের কথা আবারও স্মরণ করিয়ে দেন।













































