প্রচ্ছদ জাতীয় জনগণের আস্থা হারানোর পরিণতি কী, তা হাসিনার থেকে শিক্ষা নিতে পারি

জনগণের আস্থা হারানোর পরিণতি কী, তা হাসিনার থেকে শিক্ষা নিতে পারি

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা বিজয়ী হয়েছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করেছি। জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কী পরিণতি হয়, সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি আমরা।

তিনি আরও বলেন, যদি কারো জ্ঞানের অভাব থাকে তাহলে আমি টিকেট কেটে দেবো, দিল্লিতে গিয়ে শেখ হাসিনার কাছে জেনে নেবেন ভুল করলে পরে তার কতটুকু খেসারত দিতে হয়।

সোমবার (১৬ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের ২ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন বলেন, খাল খনন প্রকল্প ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারের টাকাপয়সা আয় করার জন্য হতে পারে না। সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না। ঠিকাদার ও প্রকৌশলীকে খালের পানি কৃষি জমিতে ব্যবহার নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, খালে পানি প্রবাহ ঠিক আছে কিনা, আপনারা তার তদারকি করবেন। সরকারি কাজ আপনাদের উপকারে আসলো কিনা সেটাও জানাবেন। আর উপকারে না আসলে আমাকে কাঠগড়ায় দাড় করাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকতে দেওয়া হবে না।

এ সময় প্রশাসন ও সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ স্থানীয় জনগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সূত্র : যুগান্তর