প্রচ্ছদ হেড লাইন সকালের মধ্যেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সকালের মধ্যেই যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

সিলেটসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকালের মধ্যে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৬ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।