প্রচ্ছদ হেড লাইন ইউপি চেয়ারম্যানকে বের করে অফিসে তালা দিলেন ছাত্রদলের নেতারা

ইউপি চেয়ারম্যানকে বের করে অফিসে তালা দিলেন ছাত্রদলের নেতারা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বুলবুলকে কার্যালয় থেকে বের করে অফিসে তালা দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে না ফেলায় ইউপি সচিবের কার্যালয় থেকে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে গেছেন তারা।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুল ও সচিব সুজন চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে দল্টা বাজার ভূঁইয়া বাড়ির সামনে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী ইফতার মাহফিল করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবুর নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না চেয়ারম্যানকে অফিস থেকে বের করে দেন।

চেয়ারম্যান শামছুল আলম বুলবুলকে হেনস্তা করায় ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ শেখসহ এলাকাবাসী প্রতিবাদ মিছিল করে। ভাটরা বাজারে রোববার রাতে ও সোমবার দুপুরে প্রতিবাদ মিছিল করা হয়।

উপজেলার নেতাদের বিরুদ্ধে মিছিল করায় ভাটরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।

ইউপি চেয়ারম্যান শামছুল আলম বুলবুল বলেন, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু ও সাধারণ সম্পাদক রাকিব ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আসেন। তারা আমাকে ইউনিয়ন থেকে বের হয়ে যেতে বলেন। আমি যেতে অপারগতা প্রকাশ করলে তারা আমাকে রুমে থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেন। এরপর ওই ঘটনার সিসিটিভির ফুটেজ কেটে দেওয়ার জন্য সচিবের কাছে যান। সচিব ফুটেজ ডিলিট করতে পারেন না বলে জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে সিসিটিভির ডিভাইস (মনিটর) নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নই। এরপরও ছাত্রদলের সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা এসে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমাকে কার্যালয় থেকে বের করে দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে তারা এসেছে।

ইউপি সচিব সুজন চন্দ্র দাস বলেন, সিসিটিভি ক্যামেরার ডিভাইস নিয়ে যাওয়ার ঘটনা আমি ইউএনওকে অবহিত করেছি। এখনো ছাত্রদলের নেতারা ডিভাইসটি ফিরিয়ে দেননি। ফুটেজ ডিলিট না করায় তারা ডিভাইসটি নিয়ে যায়। শুনেছি তারা চেয়ারম্যানের সঙ্গে খারাপ আচরণ করেছেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, তিনদিন আগে ভাটরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার করেছে। এজন্য আমরা ইউনিয়ন কার্যালয়ে গিয়েছি। আমাদের সঙ্গে এলাকার লোকজন সেখানে তালা দিয়েছে। সিসি ক্যামেরার যন্ত্রাংশ কে নিয়েছে তা জানা নেই।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এরপর আর কোনো খোঁজ নেওয়া হয়নি। সচিবের কক্ষ থেকে যেহেতু ডিভাইস নিয়ে গেছে, সে ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেছি। চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া নিয়ে তিনি নিজেই আইনগত ব্যবস্থা নিতে পারবেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিভিন্নভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে থানায় কোনো অভিযোগ আসেনি।