
ওমানে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওমান স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
বিশেষজ্ঞদের মতে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স ও অবস্থান এমন পর্যায়ে পৌঁছাবে, যাতে আরব উপদ্বীপসহ বিশ্বের বহু মুসলিম দেশে তা দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পাশাপাশি ওমান সরকার এখনো চাঁদ সরাসরি দেখার প্রচলিত পদ্ধতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে।
এ কারণে দেশটির ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় আগামী ১৯ মার্চ সন্ধ্যায়, অর্থাৎ রমজানের ২৯তম দিনে, প্রধান চাঁদ দেখা কমিটির বৈঠক ডেকেছে। সেখানে বিভিন্ন স্থান থেকে পাওয়া চাঁদ দেখার প্রতিবেদন যাচাই করা হবে।
সেদিন সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে শুক্রবারই ওমানে ঈদুল ফিতর ঘোষণা করা হবে। এতে দেশটিতে সরকারি ছুটিও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা হতে পারে। এতে পরিবারগুলো ভ্রমণ, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং ঈদের ঐতিহ্যবাহী আয়োজন করার জন্য বাড়তি সময় পাবে।
উল্লেখ্য, ওমানসহ ২৭টি দেশ ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখতে না পাওয়ার ঘোষণা দিয়েছিল। ফলে দেশটিতে ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়। অন্যদিকে প্রতিবেশী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখা যাওয়ায় সেখানে রমজান শুরু হয়েছিল আরও একদিন আগে।
সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ












































