প্রচ্ছদ হেড লাইন ৭ পদে বিএনপি ও স্বতন্ত্রভাবে আওয়ামীপন্থীরা পেল ৬ পদ

৭ পদে বিএনপি ও স্বতন্ত্রভাবে আওয়ামীপন্থীরা পেল ৬ পদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থন করেন—এমন প্রার্থীরা জয়ী হয়েছেন। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, অর্থাৎ বিএনপি সমর্থিত সাতজন আইনজীবী জয়লাভ করেছেন। তবে নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোনো প্যানেল দেওয়া হয়নি।

রবিবার (১৫ মার্চ) গভীর রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনে মফিজুর রহমান বাবুল ৩৩১ ভোট পেয়ে সভাপতি ও এ কে মো. আব্দুল হাই ৩১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মফিজুর রহমান সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং এ কে এম আবদুল হাই সদর উপজেলা সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ও আওয়ামী লীগ নেতা।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সভাপতি পদে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৩১২ ভোট) ও সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সহসভাপতি মো. আনিসুর রহমান মঞ্জু (২১৫ ভোট)।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। তবে ব্যালট ও মুড়িতে একই নম্বর না থাকায় ভোটারদের গোপনীয়তা রক্ষা হয়নি- এমন অভিযোগ ওঠার পর ভোট গণনাকালে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ররিবার রাত সাড়ে আটটায় ভোট গণনা শুরু হয়। রাত পৌনে দুইটা নগাদ ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

আইনজীবী সমিতির মোট ভোটার ৬৮৯ জন। এর মধ্যে ভোট পড়ে ৬৫৪টি।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইউসুফ কবীর, সহসভাপতি মো. আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. জাকির হোসাইন, সম্পাদক পাঠাগার ও ব্যবস্থাপনা মো. জসিম উদ্দিন, সম্পাদক তথ্য ও প্রযুক্তি আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি মো. রাকিব হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক আফরোজা বেগম, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য মো. ফোরকান উদ্দিন, মো. রেজাউল করিম, মোহাম্মদুল্লাহ ও মো. আল আমিন।