
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর একটি শপিং মলে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, কোনো রিকশাচালক নিহত হওয়ার তথ্য তারা পায়নি, ঘটনাটি গুজব হতে পারে।
রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। উত্তেজনার রেশ সোমবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় রিকশাচালকেরা আবারও সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ সকালে জানান, শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কয়েকজন রিকশাচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ রিকশাচালকদের অভিযোগ, শপিং মলের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় বা ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি কেউই।
এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর শত শত রিকশাচালক শপিং মলের সামনে জড়ো হন। তারা ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে শপিং মলে ভাঙচুর চালান। একই সঙ্গে শপিং মলের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।
পরিস্থিতি শান্ত করতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং তাদের শান্ত থাকার আহ্বান জানান।












































