
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মেনে দল মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে চমকপ্রদ উপহার পেলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে ভিপি সোহেল।
রোববার (১৫ মার্চ) দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের এ তথ্য জানানো হয়। এ তালিকায় কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক হিসাবে সোহেলকে নিযুক্ত করা হয়। এতোদিন ওই জেলার ডিসিরা জেলা প্রশাসকের এ দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন। সরকারের এমন সিদ্ধান্ত জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়নের কার্যক্রমে গতি ফিরে আসবে বলে এলাকাবাসী মনে করছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০ এ সন্নিবেশিত ধারা ৮২ক(৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
উল্লেখ্য, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দীর্ঘদিন নিপীড়ন-নির্যাতন এবং কারাভোগ করেছেন খালেদ সাইফুল্লাহ সোহেল। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে খালেদ সাইফুল্লাহ সোহেল ছিলেন অন্যতম প্রার্থী। তবে শেষ পর্যন্ত বিএনপি দলীয় মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
এমন পরিস্থিতিতে খালেদ সাইফুল্লাহ সোহেলসহ ছয় মনোনয়ন বঞ্চিত প্রার্থী একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন। কিন্তু দল মনোনীত প্রার্থী পরিবর্তনে কোনো সাড়া দেয়নি। ফলে অন্য বিদ্রোহী প্রার্থীরা সরব কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিলেও খালেদ সাইফুল্লাহ সোহেল শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে দল মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেন। নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম বিজয়ীও হন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে খালেদ সাইফুল্লাহ সোহেলের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ। আমি সারাজীবন দলের সিদ্ধান্ত ও দিকনির্দেশনা মেনে চলেছি। কখনো হাল ছাড়িনি। দল ও দলের সরকার যা ভালো মনে করেছে, আমি তাতেই আনন্দিত হয়েছি।
সূত্র : যুগান্তর পত্রিকা












































