
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাদকবিরোধী প্রচারণা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য।
রোববার (১৫ মার্চ) মাউশি আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শন, ইভ টিজিং প্রতিরোধ, ‘র্যাগ ডে’-এর নামে যে কোনো বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার পদক্ষেপ নেওয়া হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, নিজ নিজ অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি প্রতিবেদন সংগ্রহ করে ৩০ মার্চের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানা director.mew@gmail.com-এ পাঠাতে হবে।
প্রতিবেদনে উল্লেখ করতে হবে—অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানের সংখ্যা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের শতকরা হার, বাস্তবায়ন করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার (যদি থাকে), না পারার কারণ এবং প্রয়োজনীয় মন্তব্য।
মাউশি সূত্রে জানা গেছে, এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে সহায়ক হবে।













































