প্রচ্ছদ অপরাধ ও বিচার এমপি সাহেবের থার্টি পার্সেন্ট বুঝিয়ে দিয়েছেন’, বিএনপি নেতার অডিও ভাইরাল

এমপি সাহেবের থার্টি পার্সেন্ট বুঝিয়ে দিয়েছেন’, বিএনপি নেতার অডিও ভাইরাল

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের নামে ভিজিএফ চালের ৩০ শতাংশ ভাগ দাবি করার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজকে অডিওতে মদাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব হোসেনের কাছে এই ভাগ দাবি করতে শোনা যায়।

অতি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কল রেকর্ডে শোনা যায়, বিএনপি নেতা সবুজ ইউপি চেয়ারম্যান বিপ্লবকে উদ্দেশ্য করে বলছেন— ‘এমপি সাহেবের থার্টি পার্সেন্ট আপনি বুঝিয়ে দিয়েছেন?’ উত্তরে চেয়ারম্যান জানান— তারা মিটিং করেছেন এবং ইউএনও প্রতিনিধি দেবেন।

ক্ষুব্ধ কণ্ঠে সবুজকে আরও বলতে শোনা যায়, ‘বিনা ভোটের এমপি যখন ছিল, তাদেরকে তো সুন্দরভাবে বুঝাইয়া দিছেন। আমরা কিন্তু বিনা ভোটে হই নাই। আমরা অতীত ভুলি নাই। আমাদের বরাদ্দ নিয়ে আপনি কীভাবে মিটিং করেন? ১০০৩টি টোকেন বুঝিয়ে দেবেন। সবুজকে চেনা লাগবে না।’

ভিজিএফ চালের ভাগ বাটোয়ারা এবং ওই কল রেকর্ড নিয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ সদস্য জানিয়েছে, নাশকতার মামলায় সম্প্রতি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ বলেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া কল রেকর্ডটি আমার নয়। ওই চেয়ারম্যানের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমি দীর্ঘ ১৭ বছর জনগণের অধিকার আদায়ে লড়াই করেছি।’

এছাড়া এলাকায় কোনো অনিয়ম হচ্ছে কি না, সেদিকে সাংবাদিকদের নজর দিতে উল্লেখ করে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, ‘এমপির নামে ৩০ শতাংশ চাল চাওয়ার বিষয়টি আমি শুনেছি। জেলা বিএনপির নেতৃবৃন্দও এ বিষয়ে অবগত। তারা দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি— ‘আমি বাইরে আছি, আপনি ওনার (সবুজ) সঙ্গে কথা বলেন’ বলেই কলটি কেটে দেন।

সূত্র : কালবেলা