প্রচ্ছদ জাতীয় সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

মির্জা আব্বাসকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সিঙ্গাপুরে পৌঁছাতে এটি আনুমানিক চার ঘণ্টা সময় নেবে।

মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিনী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল ছিলেন। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে আনা হয়। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রাখছেন।

গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে দেশেই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

এরপর শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে প্রথম দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় দফার অস্ত্রোপচার শেষে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এদিকে নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

এছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমানসহ অনেকেই ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।