
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ, হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। যেন শিশু চুরি না হয়। আবার কবর দিতে গেলেও কঙ্কাল চুরি ঠেকাতে পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। আপনারা পুলিশকে সহযোগিতা করেন। সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে দেশে না থাকে, সেজন্য কাজ করছি আমরা।
তিনি বলেন, অতীতের নানা বিতর্কিত সময় অতিক্রম করে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য।
গতকাল শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশ লাইন্স মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইজিপি বলেন, একটি ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে দেশে সর্বজন গ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে একটি মহল নিজেদের স্বার্থে এ অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
পুলিশের সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, থানায় বিচারপ্রার্থীরা যেন যথাযথ সেবা পান, সে বিষয়ে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হতে হবে। কোনো ব্যক্তি যেন থানা থেকে অসন্তুষ্ট হয়ে ফিরে না যান।
মাদকের ভয়াবহতা তুলে ধরে আইজিপি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ নেতৃত্বকে ঝুঁকির মুখে ফেলছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম
রনি। স্বাগত বক্তব্য দেন পুলিশ কমিশনার
মো. ইসরাইল হাওলাদার। এ ছাড়া বক্তব্য
দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন প্রমুখ।












































