প্রচ্ছদ জাতীয় ওসমান হাদি হত্যা মামলায় ফের বড় সাফল্য!

ওসমান হাদি হত্যা মামলায় ফের বড় সাফল্য!

বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। তাঁদের জেরা করেই এই প্রভাবশালী দালালের হদিস মেলে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ধৃত ফিলিপ সাংমা আদতে বাংলাদেশি নাগরিক এবং দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পারাপার করানোর কাজ করেন। ওসমান হাদিকে গুলি করার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অভিযানের মুখে পড়ে অভিযুক্তরা। সেই সময় এই ফিলিপ সাংমার সাহায্যেই ঘাতকরা ভারতে পালিয়ে আসে। পরে ধৃত ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পুনরায় বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু মূল অভিযুক্তরা ধরা পড়ার পর থেকে তিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নামাজ শেষে ফেরার পথে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুই আততায়ী গুলি ছোড়ে। হাদির মাথায় গুলি লাগলে গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হলে বাংলাদেশ জুড়ে ব্যাপক প্রতিবাদ ও অশান্তি ছড়িয়ে পড়ে।

ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের খুনিদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করার পর তাঁদের দেশে ফিরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে ঢাকা। এসটিএফের এই সাফল্যের পর দুই দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে। গোয়েন্দারা মনে করছেন, ফিলিপ সাংমাকে জিজ্ঞাসাবাদ করলে এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী এবং রাজনৈতিক যোগসূত্র সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

সূত্র : জনকণ্ঠ