
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে বড় ধরনের সাফল্যের দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের দাবি, ফিলিপের মাধ্যমেই হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও আলমগীর শেখ ভারতের মেঘালয়ে পালিয়ে গিয়েছিলেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট এবং ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার করাতেন। এসটিএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের পর মূল আসামিরা সীমান্ত পাড়ি দেওয়ার জন্য ফিলিপের সহযোগিতা নিয়েছিলেন। বর্তমানে তাকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় তিনি ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।











































