
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের অধিবেশন বসছে।
শেষ মুহূর্তে এসে জানা গেছে, ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকারের আলোচনায় রয়েছেন ২ জন। তারা হলেন ব্যারিস্টার কায়সার কামাল ও নুরুল ইসলাম মনি।
এর আগে, নতুন মন্ত্রিসভায় স্থান পান নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হন। কামাল ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই জনপ্রতিনিধিত্ব ও রাজনীতির সঙ্গে যুক্ত একটি ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় সুপ্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পান বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।










































