প্রচ্ছদ জাতীয় সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। পরদিন বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশনে এসব পদে প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হবে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের বৈঠকে বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ নির্ধারণ করা হয়। একই দিনে সংসদ নেতা নির্বাচিত হলেও এখনো সংসদ উপনেতা নির্বাচন হয়নি। বিএনপির একাধিক এমপি জানিয়েছেন, বুধবারের বৈঠকে সংসদ উপনেতা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্পিকার ও ডেপুটি স্পিকার পদের প্রার্থীদের নামও চূড়ান্ত করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে কয়েকজন সিনিয়র নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও এ বিষয়ে এখনো সাড়া দেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী। ফলে বিষয়টি নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হতে পারে। বিরোধী দল প্রার্থী না দিলে সরকারি দল থেকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী দেওয়া হতে পারে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলের পাওয়ার কথা। তিনি বলেন, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি, মৌখিকভাবে বিষয়টি বলা হয়েছে।

তবে ভবিষ্যতে আলোচনার ভিত্তিতে জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে বলেও দলটির সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। সে ক্ষেত্রে দলটির কয়েকজন সংসদ সদস্যের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

সূত্র : জনকণ্ঠ